পাবনা জেলার মে মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান।
আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী সার্কেলের আওতাধীন ঈশ্বরদী ও আটঘরিয়া থানার সার্বিক কার্যক্রমে সাফল্য, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত ও অপমৃত্যু মামলার নিষ্পত্তি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে।
অন্যদিকে, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং থানার সার্বিক পুলিশি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং পুরস্কারপ্রাপ্ত দুই কর্মকর্তার কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, “এ অর্জন শুধু আমার একার নয়; থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জন এবং সেবার মান আরও উন্নত করতে আমরা ভবিষ্যতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননা ভবিষ্যতে ঈশ্বরদী সার্কেল ও ঈশ্বরদী থানার পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।