রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সানজিদা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়ি ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া চলছে।