শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে ওরিয়েন্টেশন এবং দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সভাপতি মো. আব্দুল ফাত্তাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আনিসুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি জিনাত জাহান জেনি। ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আইন অনুযায়ী তথ্য চেয়ে আবেদন ফরম পূরণের নিয়ম ও কৌশলও শেখানো হয়।
এ সময় বক্তব্য রাখেন সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সনাক সদস্য আল্পনা সাহা। অনুষ্ঠানে কলেজের প্রভাষক ইসরাত জাহান বন্যা, সনাক সদস্য এস এম রফিকুল ইসলাম এবং ইয়েস (YES) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনের পাশাপাশি ইয়েস সদস্যদের সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির শেষে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
আয়োজকরা জানান, তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে তরুণ সমাজকে সচেতন করে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।