নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের রিয়াদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াদ কবির জানান, তাঁর ঘরে লুটপাটের সময় ওই ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে বাড়িতে মাদক রয়েছে বলে ঘরবাড়ির আসবাবপত্র তল্লাশি, ভাঙচুর ও চার লাখ টাকা নিয়ে যায়। ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। তাতে অজয় কুমার জয় নাম লেখা রয়েছে। পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য শরীফ হোসেন নামের এক সিপাহী মোবাইল ফোনে কল দিয়ে হুমকি দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে।