মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিংগাইর উপজেলা ফোরাম নেটওয়ার্কের উদ্যোগে এবং সিসিডিবি-সিপিআরপি সিংগাইর শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, নারী প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে একটি র্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, পরিবার ও সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্বশীল আচরণের চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য সহজলভ্য আইনগত সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
আলোচনায় সম্প্রতি নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ এবং স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।