ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ নজমুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শুকরু (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুন রবিবার রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারস্থ শ্রী সুশেন সরকারের ঝালাইয়ের দোকানের সামনে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।
অভিযানে রাজারামপুর গ্রামের জাভেদ আলীর ছেলে নজমুল ইসলাম সাদ্দামকে ৮ (আট) পিস কমলা রঙের ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় উত্তর বঠিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে শুকরু কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৮/৪৬,।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। রুহিয়া থানাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।