আশুলিয়ার শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় অভিযান চালিয়ে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি এবং পুরোনো ব্যাটারি গলিয়ে শিসা তৈরির অভিযোগে দুটি অবৈধ কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, শিমুলিয়া রাঙ্গামাটি এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই একটি কারখানায় পুরোনো টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল এবং অপর একটি কারখানায় পুরোনো ব্যাটারি গলিয়ে শিসা তৈরি করা হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কারখানা দুটির অবৈধ কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়।
অভিযানের সময় কারখানা দুটির মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো আর্থিক জরিমানা করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ আকন জানান, দীর্ঘদিন ধরে কারখানা দুটিতে অবৈধভাবে টায়ার ও পুরোনো ব্যাটারি প্রক্রিয়াজাত করে ফার্নেস অয়েল ও শিসা তৈরির কার্যক্রম চলছিল। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে কারখানা দুটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, কারখানা দুটির মালিকপক্ষের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।