তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম। বুধবার (১৭ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম উদ্ধারকৃত মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে জেলার ১৭টি থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অনুসন্ধান, ডাটা বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মোবাইল ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করবে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের পাশাপাশি জনগণের হারানো সম্পদ উদ্ধারে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।