নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখা।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে প্রায় ৪০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। সততা, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেধার যথাযথ ব্যবহারের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশ ও সমাজ গঠনে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। তাঁরা বলেন, “একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মের নৈতিক চরিত্র ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই। শিক্ষার্থীদের এই মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত সহায়তা প্রদান করতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আগামীতেও শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে গতিশীল ও উৎসাহিত করতে এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকবৃন্দ