মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার (এনজিও) মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি এবং পাওনা টাকা ফেরতের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
সকালে স্থানীয় এলাকায় ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শতশত ভুক্তভোগী নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নাসির উদ্দিন সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আমানত সংগ্রহ করেন। বর্তমানে সঞ্চয়ের মেয়াদ শেষ হলেও তিনি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে রয়েছেন। উল্টো পাওনা টাকা দাবি করলে গ্রাহকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা অবিলম্বে প্রতারক নাসির উদ্দিনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাধারণ গ্রাহকদের কষ্টার্জিত পাওনা টাকা ফিরিয়ে আনতে তারা প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।