বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত এবং অনুমোদনহীনভাবে ব্যাটারি উৎপাদনের অভিযোগে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর ও গাছা কলেজ সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার এগ্রো ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই জুস, আইস ললি, কফিসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য পণ্য তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অনুমোদনহীন প্যাকেজিংয়েরও প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর দক্ষিণ খাইলকুর এলাকার তৌহিদ ফুড এন্ড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাইরে থেকে শিশু খাদ্য কিনে নিজেদের স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সবশেষে গাছা কলেজ সংলগ্ন কিং পাওয়ার কোম্পানি লিমিটেড নামের চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে শুধু ট্রেড লাইসেন্স পাওয়া গেলেও কলকারখানার প্রয়োজনীয় লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআইয়ের ছাড়পত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যাটারি উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানগুলো পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নিশাত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৩২(১) ধারা এবং বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ধার্য করা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।