গাইবান্ধা সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৯এপ্রিল ২০২৬) গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। সার্বিক তদারকিতে ছিলেন অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১২টা ১৫ মিনিটে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সাইমুন হাসান সিফাত (২৬) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা জিপারযুক্ত পলিব্যাগে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানের সময় স্থানীয় কয়েকজনকে সাক্ষী রেখে জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং আলামত সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষার জন্য নমুনাও পৃথক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সম্পন্ন করবে বলে জানা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।