সিলেটের ওসমানীনগর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীকে মারধর, প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী উপজেলার তাজপুর ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার তাজপুর বাজার সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা অভিযোগকারীর ভাই, একজন এইচএসসি পরীক্ষার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আহত পরীক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা দ্রুত তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এছাড়াও অভিযোগে বলা হয়েছে, হামলার পর অভিযুক্তরা বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আরও ক্ষতির হুমকি দিচ্ছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।