রাজশাহীর বাঘায় ব্যতিক্রমী আয়োজনে ঘোড়ার গাড়িতে চড়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা ও এইচএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। শনিবার (২০ জুন) দুপুর ১টায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিঘা পশ্চিমপাড়া এলাকায় খাল খননের উদ্বোধন শেষে সংসদ সদস্যকে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে অনুষ্ঠানে নিয়ে আসা হয়।
দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আলহাজ ইন্তাজ আলী ও সহকারী শিক্ষক আয়নাল হকের বিদায়ী সংবর্ধনা এবং এইচএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আয়োজকরা বলেন, আমাদের সংসদ সদস্য গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাপন, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেন। সেই ভাবনা থেকেই নতুন প্রজন্মের সামনে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ঘোড়ার গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে আনা হয়েছে। এটি শুধু একটি বাহন নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর আলী, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক ও অধ্যক্ষ লাল মোহাম্মদ, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দিঘা ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী (বানু), সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “আমাকে যে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ভালোবাসা ও সম্মান জানানো হয়েছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত। বিদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাদের কর্ম ও আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে।”
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে। সততা, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং দেশের সুনাম বৃদ্ধি করবে, এটাই আমার প্রত্যাশা।”
পরে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান এবং শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।