চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলা দরবার শরীফের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়।
নূরানী জুলুসে ছদারত করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
জুলুসটি আহলা দরবার শরীফ থেকে বের হয়ে বোয়ালখালী ও পটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আহলা দরবার শরীফে এসে শেষ হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নবীপ্রেমিক আশেকে রাসূল অংশগ্রহণ করেন।
জুলুস শেষে আহলা দরবার শরীফে যোহরের নামাজ আদায় করা হয়। পরে মিলাদ-কিয়াম, ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে তকরির করেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জনপ্রিয় ইসলামি স্কলার মুহাম্মদ হাসান আল-আযহারী, আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেজাম উদ্দিন চিশতী, মাওলানা কাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইদ্রিস মিয়া, মাওলানা সাজ্জাদ হোসাইন, আরকানুর রহমান নঈমী প্রমুখ।
মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী আল-চিশতী (মাদ্দাজিল্লুহুল আলী)।
জশনে জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামা’তের বিজ্ঞ ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের নবীপ্রেমিক আশেকে রাসূলগণ উপস্থিত ছিলেন।
এসময় শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব (মাদ্দাজিল্লুহুল আলী) মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, উত্তম চরিত্র, মানবিকতা, শান্তি, সৌহার্দ্য ও ভালোবাসার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করা সম্ভব।