নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার সুইপার কলোনি সংলগ্ন তুলাপট্রি এলাকা থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পারকাসুন্দা গ্রামের আহমেদ আলীর ছেলে মো. জহুরুল(১৯) ও একই উপজেলার আমরুল কসবা (আমপুর) গ্রামের জিয়ারুলের ছেলে মো. মনির (১৯)।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সুইপার কলোনি সংলগ্ন এলাকায় ওই দুই যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় উপস্থিত সাক্ষ্যপ্রমাণ ও প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্যড নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এই দণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ অভিযান চালানো হয়েছে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।