বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হক খান বলেছেন, তিনি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান।
সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “আমি গরিব মানুষ, তাই গরিবের কষ্ট বুঝি। অতীতেও যখন আমার এলাকার মানুষ নদীভাঙনের শিকার হয়েছিল, তখন আমি তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। এতে আমাকে মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাইনি।”
তিনি আরও বলেন, মৃধার হাট-আবুপুর এলাকায় ফেরি চালুর নামে শুকনা নদী গভীর করার ঘটনায় তিনি সাধারণ মানুষের স্বার্থে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।
নুরুল হক খান জানান, তিনি মরহুম মোতাহার হোসেন বাচ্চু সরদারের আদর্শ অনুসরণ করে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের রাজনীতি করতে চান। তিনি দাবি করেন, জীবনে কখনো টাকার কাছে নিজেকে বিক্রি করেননি এবং মানুষের কল্যাণকেই নিজের মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন।
তিনি বলেন, “আমি সবসময় আমার পরিবার, আত্মীয়-স্বজন ও অসহায় মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও সৎ ও ন্যায়নিষ্ঠভাবে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
এসময় তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।