গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে মানববন্ধন, রাস্তা অবরোধ করে ১০ মিনিট কর্ম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এসময় জাতীয় সাংবাদিক সংস্থা সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জাফরুল সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সাহাদত জামান, তাজুল ইসলাম, ফরহাদ হোসেন সহ অনেকে। অপরদিকে বিকেল ৪টায় সারিয়াকান্দি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের সামনে উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত হয়ে প্রতিবাদ সভা করেন। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, রহিদুর রহমান মিলন, হারুনুর রশিদ, পাভেল মিয়া প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে এবং কেউ ঘটনা ঘটাতে সাহস না পায়। দ্রুত বিচারের ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারী করেন সাংবাদিকেরা। সেই সাংবাদিকেরা আরও বলেন, গুম, খুন, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দূর্নীতি সহ সমাজের ভালো মন্দ সকল চিত্র তুলে ধরবো। তার জন্য সাংবাদিকদের উপর হামলা হবে কেন? আপনারা কোনো অপরাধের সাথে যুক্ত না হলে, আমরা তো কারো বিরুদ্ধে কলম ধরবো না। আগামীতে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং সকল অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।