শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লা শামীমের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন পরিষদের সদস্যরা।
বিবরণে জানা যায়, চেয়ারম্যানের গাফিলতির কারণে গত অর্থবছরে পরিষদের ৯টি বার্ষিক সভা অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে জুন, জুলাই ও আগস্ট—২০২৫ টানা তিন মাস কোনো সভা আহ্বান করেননি চেয়ারম্যান। পরিষদের সদস্যরা সভা আয়োজনের পক্ষে থাকলেও চেয়ারম্যান ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে সভা না করার অভিযোগ উঠেছে। যা স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪ উপধারা (৪) এর ‘ক’ ও ‘চ’ অনুচ্ছেদ লঙ্ঘনের সামিল।
এছাড়া বিভিন্ন প্রকল্পের (টি.আর/কাবিখা/কাবিটা/এডিপি/ভূমি হস্তান্তর কর ১%) বরাদ্দ রেজুলেশন ছাড়াই এককভাবে অনুমোদন দিয়ে ভূয়া প্রকল্প দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
মাতৃত্ব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপকারভোগী নির্বাচনে টাকা লেনদেনের মাধ্যমে একক সিদ্ধান্তে তালিকা প্রণয়ন এবং ওয়ারিশ সনদ প্রদানে অতিরিক্ত ফি আদায় করে অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেছেন মেম্বাররা।
পরিষদের স্বার্থে চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা শামীমকে বরখাস্ত করার দাবিতে পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন।