রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সংবাদ সাবস্ক্রিপশন
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গুণগত মানসনদ নবায়ন না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে শোয়াইব সিফাত বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের প্রসিকিউটর ও সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে