ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত এবং দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সদরদী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন— নগরকান্দার তৈবুর রহমান (৪০), পাবনার রূপপুর এলাকার রাজু (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রজি আক্তার (৪৫) ও নগরকান্দার রহিমা বেগম (৪০)।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে একই সময়ে চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।