রংপুরের বদরগঞ্জে বুদ্ধি-প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. লিমন মিয়া (১৯)-কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০টা ১০ মিনিটে র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি সাহেবের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিমন মিয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর সরদারপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, গত ২৮ মে ভুক্তভোগী বুদ্ধি-প্রতিবন্ধী কিশোরী তার বোনের বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্তরা মোবাইল ফোন দেখানোর কথা বলে তাকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলার পাকার মাথা বাজারসংলগ্ন একটি ইটভাটার কাছে নিয়ে গিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে কিশোরী গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
ঘটনার পর অভিযুক্তরা কিশোরীকে চেংমারী বাজারে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলে তিনি ঘটনার বর্ণনা দেন। এ ঘটনায় ৩১ মে ভুক্তভোগীর বোন বাদী হয়ে বদরগঞ্জ থানায় অপহরণ ও গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে লিমন মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।