নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেছেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর, এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
শনিবার (৭ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন মন্ত্রী। মূলত চিকিৎসক ও কর্মচারীদের সময়মতো উপস্থিতি এবং সেবার মান যাচাই করতেই তার এ ঝটিকা সফর।
হাসপাতালে প্রবেশ করেই স্বাস্থ্যমন্ত্রী সরাসরি হাজিরা খাতা ও ডিউটি রোস্টার পরীক্ষা করেন। রোস্টার অনুযায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা তিনি সরেজমিনে যাচাই করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন চিকিৎসক ও স্টাফকে অনুপস্থিত দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহিঃবিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুত পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
এ সময় লাইনে অপেক্ষমাণ রোগীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথাও শোনেন স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের সেবা আরও কার্যকর ও মানসম্মত করতে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ , ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আতিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।