ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। রাজধানীর রাজনৈতিক অঙ্গনে যখন মন্ত্রীপরিষদ গঠন নিয়ে ব্যস্ততা চলছে, ঠিক তখনই টাঙ্গাইলের রাজনীতিতে বইছে ভিন্ন হাওয়া। জেলার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে কে আসছেন নেতৃত্বে?
জেলার বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে প্রচারণা। কেউ কেউ ইতোমধ্যে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণে লবিং-তদবিরও চালাচ্ছেন বলে জানা গেছে।
আলোচনার টেবিলে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন জেলা বিএনপির বিপুল ভোটে নির্বাচিত সভাপতি ও গণমানুষের নেতা হাসানুজ্জামিল শাহীন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে এগিয়ে আছেন।
স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ বছরে জেলা পরিষদে উন্নয়নের নামে নানা অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ জমা হয়েছে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে বৈষম্য ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তাদের প্রত্যাশা—নতুন নেতৃত্ব আসুক সততা, জবাবদিহিতা ও সমবণ্টনের অঙ্গীকার নিয়ে।
সচেতন নাগরিকদের মতে, জেলা পরিষদের চেয়ারম্যান এমন একজন হতে হবে, যিনি হবেন সবার অভিভাবক। প্রশ্নাতীত সততা, ন্যায়নীতি ও সকলের প্রতি সমান মমতা—এই গুণাবলিই হওয়া উচিত নেতৃত্বের প্রধান শর্ত।
টাঙ্গাইল জেলা পরিষদ কেবল একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয়; এটি জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সাংস্কৃতিক অগ্রগতির অন্যতম নিয়ন্ত্রক সংস্থা। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বও এই পরিষদের ওপর ন্যস্ত।
সব মিলিয়ে, টাঙ্গাইল জেলা পরিষদের এই গুরুত্বপূর্ণ পদে শেষ পর্যন্ত কার কাঁধে দায়িত্ব অর্পিত হয়—সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো জেলা। রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়লেও চূড়ান্ত ঘোষণাই নির্ধারণ করবে টাঙ্গাইলের স্থানীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনা।