প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের প্রত্যয়
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গ্রাহকসেবা মাস পালন করেছে। এ উপলক্ষে গ্রাহকদের দ্রুত, সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জলঢাকা শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. মতিউর রহমান।
অনুষ্ঠানে সিনিয়র অফিসার শহিদুল ইসলাম সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন জলঢাকা শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক আ. জ. ম. শফিউল্লাহ।
গ্রাহকসেবা মাস উপলক্ষে শাখায় আগত গ্রাহকদের আন্তরিক অভ্যর্থনা, দ্রুত ব্যাংকিং সেবা প্রদান, ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ-পরামর্শ গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সেবা ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা হয়।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক আ. জ. ম. শফিউল্লাহ বলেন, “গ্রাহকদের হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। অপেক্ষার সময় কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ অব্যাহত থাকবে।”
প্রধান অতিথি মো. মতিউর রহমান বলেন, “গ্রাহকের সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ইসলামী ব্যাংক নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার প্রভাষক আবু জাফর সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল হোসেন, মাহমুদার রহমান, নজরুল ইসলাম, সমাজসেবক ডা. আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকেরা জানান, জলঢাকা শাখায় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দ্রুত ও সহজে পাওয়া যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সময়োপযোগী সেবা এবং গ্রাহকবান্ধব পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করেন।
গ্রাহকসেবা মাস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন। অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।