গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের নির্দেশনায় গাজীপুর মহানগরের ৮ নম্বর ওয়ার্ডের পারিজাত হরিণাচালা এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচালিত এ কার্যক্রমে তত্ত্বাবধান করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন সড়ক, অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। মশক নিধন কার্যক্রম পরিচালনায় তাঁর তৎপরতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, “জনগণের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করছি। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।