লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইনসমৃদ্ধ নিষিদ্ধ এস্কাফ (ESkuf) সিরাপ জব্দ করেছে র্যাব-১৩। এ সময় একজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালুক হরিদাস এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল তালুক হরিদাস এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পলাতক আসামি মো. শাহিন আলমের বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মো. আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মো. আজিজুল হকের ছেলে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আলমগীর ইসলাম ও পলাতক শাহিন আলম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।