নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের লাসারদি কলেজপাড়া সড়ক দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ শিক্ষার্থী, রোগী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের কিছু অংশ নির্মাণ করা হলেও গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো বাকি রয়েছে। নির্মিত অংশের মাঝখান থেকে কাজ শুরু করা হলেও দুই পাশের বেহাল অবস্থার কারণে ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং মানুষ আহত হচ্ছেন বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের উদাসীনতার কারণে দীর্ঘদিনেও সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন হচ্ছে না। তবে সংবাদ সংগ্রহকালে জানা যায়, সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে জটিলতাও রয়েছে। অভিযোগ রয়েছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ জনগণ জমি না দেওয়ায় প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে এলাকাবাসী গণমাধ্যমকে জানান, যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হলে তারা রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে, ইতোমধ্যে নির্মিত সড়কের কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং লাসারদি কলেজপাড়া সড়ককে চলাচল উপযোগী করে তুলবে।