সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, তারা চার বন্ধু ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। সকাল ১১টার দিকে তারা পর্যটন কেন্দ্রে পৌঁছান। পরে সবাই মিলে নদীর পানিতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর বন্ধুদের সঙ্গে থাকা অবস্থায় রিফাত নিখোঁজ হয়ে যান।পরে অনেক খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। এরপর তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, “সাদাপাথর ঘুরতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।