বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট, সাবরুল, খরনা ও শাকপালা এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকটি এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডও চলছে। কোথাও কোথাও অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর ভাষ্য, মাদকের বিস্তার ঠেকাতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও জোরালো তৎপরতা প্রয়োজন। নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ চান তারা। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাজাহানপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, আমরা প্রতিনিয়ত টহল জোরদার করেছি, বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম এর বিরুদ্ধে আমরা কাজ করছি।