বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বিশেষ ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক ও মানবিক সংগঠন “আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশন”। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে দুর্গতদের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার উপজেলার ৫০০টি বানভাসি পরিবারের মুখে হাসি ফোটাল এই ফাউন্ডেশন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ইউনুছ মিয়া। তিনি আলীকদমের দুর্গম ও প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং নিজ হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
ত্রাণ পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে যখন আমরা দিশেহারা, তখন চেয়ারম্যান সাহেব নিজেই আমাদের কাছে খাবার নিয়ে এসেছেন। বিপদের দিনে এমন সহযোগিতা আমাদের বেঁচে থাকার নতুন সাহস যুগিয়েছে।”
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া তাঁর বক্তব্যে জানান, “আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশন সবসময় সাধারণ মানুষের অধিকার ও সংকটে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আলীকদমের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি না ফোটা পর্যন্ত এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”