1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজ কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোরের জন্মবার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দিনাজপুরের বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শহীদ সাগরের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস- এডভোকেট এটিএম মাহবুব উল আলম ফেরিওয়ালা, যে মানুষটা থামলে থেমে যায় একটি সংসার বিরামপুরে স্থানীয় সরকার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত ৩ বছরে মুলাদী-বাবুগঞ্জের উন্নয়ন দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট জয়নুল আবেদীন

আজ কিংবদন্তি গায়ক এন্ড্রু কিশোরের জন্মবার্ষিকী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩, ২:২০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

বাংলা গান যদি কোনো মহাজগৎ হয়, তাহলে সে জগতের সবচেয়ে বড় গ্রহের নাম এন্ড্রু কিশোর। সুরেলা কণ্ঠে তিনি গেয়েছেন ১৫ হাজারের বেশি গান। আর তার গাওয়া জনপ্রিয় গানের সংখ্যাও এত বেশি যে, সেসব পরিসংখ্যান করাও অসম্ভব। গানের ভুবন কিংবা মানুষের মনে কতটা বিস্তৃত এন্ড্রু কিশোর, সেটা পরিমাপ করাও অকল্পনীয় ব্যাপার।

দেশের সবচেয়ে পরিচিত কণ্ঠস্বরটি তার। তার কণ্ঠ নিঃসৃত গান শোনেনি, বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। এক জীবনে তিনি যতগুলো শ্রোতাপ্রিয়, কালজয়ী গান গেয়েছেন, সেটা সত্যিই বিস্ময়কর। বাংলা চলচ্চিত্রের গানে তো তিনি একেবারে অদ্বিতীয়। এজন্য এন্ড্রু কিশোরকে বলা হয় বাংলাদেশের প্লেব্যাক সম্রাট।

আজ (৪ নভেম্বর) প্লেব্যাক সম্রাটের জন্মদিন। এই বিশেষ দিনে বিশেষ মানুষটি নেই। তার অনুপস্থিতি জানান দিচ্ছে, বাংলা গানে অসামান্য এক শূন্যতা বিরাজ করছে। যেই শূন্যতা কখনও পূরণ হবে না। যে শূন্যতা পূরণ করা সম্ভবই নয়।

এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর। তার সঙ্গীত চর্চার শুরু হয় আব্দুল আজিজ বাচ্চুর অধীনে। অসামান্য প্রতিভা থাকায় তিনি অল্প সময়েই সঙ্গীত সংশ্লিষ্টদের নজর কাড়তে সক্ষম হন। সব ধরণের গানেই তার দক্ষতা ছিল। স্বাধীনতা যুদ্ধের পর তিনি নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, আধুনিক, লোক এবং দেশাত্মবোধক গানে রেডিওর তালিকাভূক্ত শিল্পী ছিলেন।

চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অভিষেক হয় ১৯৭৭ সালের ‘মেইল ট্রেন’ সিনেমা দিয়ে। এতে আলম খানের সুরে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ শীর্ষক একটি গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর। এরপর তিনি বাদল রহমান পরিচালিত ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ সিনেমায় ‘ধুম ধাড়াক্কা’ শিরোনামের গানে কণ্ঠ দেন।

তবে এন্ড্রু কিশোরের জনপ্রিয়তা আসে ১৯৭৯ সালে। সে বছর এ জে মিন্টু পরিচালিত ‘প্রতীজ্ঞা’ সিনেমায় তার কণ্ঠে ‘এক চোর যায় চলে’ গানটি শ্রোতাদের মন জয় করে নেয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বৃষ্টিধারার মতো গান করে গেছেন এন্ড্রু কিশোর।

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙের ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘তুমি বন্ধু আমার চিরসুখে থাকো’, ‘পড়ে না চোখের পলক’, ‘ও সাথী রে যেও না কখনো দূরে’, ‘কী যাদু করেছো বলো না’, ‘প্রতিদিন ভোর হয়’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘এতো প্রেম ছিল’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আকাশেতে লক্ষ তারা’, ‘কারে দেখাবো মনের দুঃখ’সহ আরও অসংখ্য গান।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এন্ড্রু কিশোর জিতেছেন বহু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে আটবার শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কার ও দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার অন্যতম।

২০২০ সালের ৬ জুলাই এন্ড্রু কিশোর চলে গেছেন না ফেরার দেশে। যেখান থেকে আর ফিরে আসা যায় না। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে হার মানেন গানের যাদুকর। বিদায় জানান দেশ, দেশের মানুষ আর সঙ্গীতকে। পৃথিবীর চিরায়ত নিয়মে এন্ড্রু কিশোর চলে গেছেন। কিন্তু এক জীবনে তিনি যা দিয়ে গেছেন, সেটা দেশের সঙ্গীতকে যেমন করেছে সমৃদ্ধ, তেমনি তাকে করেছে অমর।

চলে গিয়েও এন্ড্রু কিশোর থেকে যাবেন প্রতিটি বাঙালির মনে, কানে। তুমুল প্রেম, বুক ভাঙা বিরহ কিংবা দেশাত্মবোধের অনুভবে মানুষ ঠিকই খুঁজে নেবে এন্ড্রু কিশোরের গানগুলো। আর এভাবে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com