ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন— “৫৩ বছরে যারা শাসক ছিল তারা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি, বরং যাদেরকে ভোট দিয়েছেন তারা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে।”
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান একাই শেয়ারবাজার থেকে ৫৫ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর বন্দরের চারমাথা মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন—“যারা ভালো অবস্থানে থাকার কথা, তারাই দলের কারণে হত্যার শিকার হচ্ছে। দেশে হাজারো মানুষ খুন হচ্ছে, মা-বোন ধর্ষিত হচ্ছে। কারণ ৫৩ বছরের শাসকরা দেশকে কিছুই দিতে পারেনি। তাই আমি দেশবাসীর কাছে বলবো—ওদেরকে আপনারা বারবার পরীক্ষা করেছেন, এবার ইসলামী দলকে ক্ষমতায় এনে দেখুন। ইসলাম ক্ষমতায় এলে বাংলাদেশ বদলে যাবে, মানুষ নিজেরাই পরিবর্তিত হবে।”
সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন—দিনাজপুর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নূর আলম সিদ্দিক,দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,দিনাজপুর দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল হক হাকিমপুর উপজেলা যুব ইসলামী আন্দোলনের সভাপতি মোকছেদুল ইসলাম সহ আরো অনেকে।