নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নে পাষণ্ড স্বামীর মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন স্ত্রী লিলি আক্তার। গত ১৯ আগস্ট সোনারগাঁওয়ের সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভারগাঁও এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী লিলির অভিযোগ, জুয়ার টাকা না দেওয়ায় তাঁর ওপর নির্মম অত্যাচার করে স্বামী সোলেমান। তিনি আরও জানান, গত ১৯ আগস্ট ভারগাঁও এলাকাস্থ তাঁর মায়ের (শামসুন্নাহার) বাড়ি থেকে ভাত রান্নার কথা বলে স্বামী সোলেমানের বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় তিনি জুয়ার টাকার জন্য নানাভাবে মানসিক হেনস্তা এবং চাপ সৃষ্টি করতে থাকেন, লিলি এতে অপারগ প্রকাশ করলে ঘরের দরজা-জানালা বন্ধ করে মোটা বাঁশের গোড়ালি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকেন, একপর্যায়ে দুই হাত এবং দুই পা ভেঙে যায়। ঘটনার সময় একজন এসে লিলিকে বাঁচাতে গেলে তাঁর ওপরও হামলে পড়ে মারধর করেন সোলেমান। গত ১৭ বছরের দাম্পত্য জীবনে প্রতিদিনই মানসিক এবং শারীরিক নির্যাতন করেন স্বামী সোলেমান। টাকা নিয়ে জুয়া খেলে হেরে বাসায় এসে ছেলে-মেয়েদের ওপর খারাপ আচরণ ও আমাকে মারধর করেছেন। তাঁর কারণে, ঘরে কোনো টাকা পয়সা জমিয়ে রাখা যায় না। আমি এ ঘটনার জন্য দায়ী সোলেমানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন সংশ্লিষ্টদের সহযোগিতা চাই। ন্যায়বিচারের জন্য এলাকার গণ্যমান্য সবার সহযোগিতা কামনা করছি।
খোঁজ নিয়ে জানা যায়, সোলেমান একজন পেশাদার জুয়ারি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভারগাঁও এলাকার আজগর আলীর ছেলে তিনি। জামদানী শাড়ি তৈরির কারখানায় কাজ করেন। গত ১৭ বছর আগে একই এলাকার মৃত. ওয়াজেদ আলীর একমাত্র মেয়ে লিলিকে বিয়ে করেন সোলেমান। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বর্তমানে ছেলেমেয়ে নিয়ে মায়ের বাড়িতে থাকেন লিলি। তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক। এদিকে পাষণ্ড সোলেমান দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অনেকটা প্রকাশ্যে। এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানায় এ লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।