মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম হানিফ বেপারি (৫৫)। গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত এলা বেপারির ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই মো. বাচ্চু বেপারি (৬০)-কে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে আরও রয়েছেন হানিফের চাচাতো ভাই মিনহাজ উদ্দিনের ছেলে স্বাধীন (২৬) ও জাহাঙ্গীর বেপারি (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসতভিটার জমি পরিমাপের কাজ চলছিল। অন্য শরিকদের জমি নির্ধারণের পর হানিফ মাত্র ৪ ইঞ্চি জমি পান। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বড় ভাই বাচ্চু বেপারি ও চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন ও জাহাঙ্গীর দেশীয় অস্ত্র (কাতরা) দিয়ে হানিফের পেটে ও বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।