জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল হাজীবাড়ি জামে মসজিদের ইমামের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় স্থানীয় এক যুবক মসজিদ ও সংলগ্ন হেফজখানাটি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রায় ২৯ দিন ধরে মসজিদটিতে ইমাম শূন্য থাকায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে বিঘ্ন ঘটছে। পাশাপাশি ২০ জন হাফেজি শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা, থাকা ও খাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থল গ্রামের আবু ইসলাম সাদ্দাম নামের এক ব্যক্তি ইমাম হাসান আলীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ইমাম টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদ্দাম হেফজখানার বৈদ্যুতিক লাইনের মূল সুইচ বন্ধ করে দেন। এতে ইমাম ভীত হয়ে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান, ফলে হেফজখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত সাদ্দাম পূর্বে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিলেন। পরে গত ৫ আগস্ট বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ধর্মীয় প্রতিষ্ঠানটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।