অর্গানোগ্রাম অনুমোদন নিয়ে ইউজিসিতে সভা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর অর্গানোগ্রাম অনুমোদন এবং নতুন কোর্স চালুর বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইউজিসির সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) ও অধ্যাপক ড. আসলাম হোসেন (অর্থ, হিসাব ও বাজেট বিভাগ), কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার সভায় অংশ নেন।
সভায় ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে এখন পর্যন্ত মাত্র পাঁচটি বিষয়ে পাঠদান করে আসছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত নতুন কোর্স চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং বিশ্বায়নের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন কোর্স চালুর উদ্যোগ দ্রুত গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার শাহজাদপুরের কৃষি ও অর্থনীতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে কৃষি, অর্থনীতি, ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স, টেক্সটাইলসহ বিভিন্ন বিষয়ে নতুন কোর্স চালুর প্রস্তাব তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের স্টার্টআপ ও ইনোভেশন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কোর্স চালুর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে স্থানীয়, আঞ্চলিক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যের সঙ্গে সভায় উপস্থিত ইউজিসির সদস্যরা একমত পোষণ করেন।
সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে আটটি নতুন কোর্স চালুর বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিসর সম্প্রসারণের পাশাপাশি আধুনিক ও কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার।