বগুড়ার গাবতলি উপজেলার পার-রানীর পাড়া গ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে এক মহতী দ্বীনি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘পবিত্র কোরআনের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে’ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিনামূল্যে কোরআন শিক্ষা ও কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন।
গত ২২ ফেব্রুয়ারী ২৬, তারিখ, ৪ রমজান ১৪৪৭ হিজরি থেকে গ্রামটির ১০টি মসজিদে এই কার্যক্রম একযোগে শুরু হয়েছে। প্রতিদিন বাদ আসর থেকে নিয়মিত এই কোরআন শিক্ষা চলবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।
কর্মসূচির বিশেষত্ব:
এই মহতী উদ্যোগের আওতায় পার-রানীর পাড়া গ্রামের ১০টি মসজিদের প্রতিটিতে ১০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে (শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক) সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষা প্রদান করা হবে। দীর্ঘ এক মাসের এই পাঠদান শেষে আগামী ২৭ রমজান শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ, বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
পাঠ্যসূচিতে যা থাকছে: প্রশিক্ষণার্থীদের কেবল তিলাওয়াতই নয়, বরং জীবনমুখী ইসলামি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে: সহীহ ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও নূরানী কায়দা শিক্ষা। নামাজের প্রয়োজনীয় সূরা, দোয়া ও জরুরি মাসআলা-মাসায়েল। দৈনন্দিন জীবনে ইসলামের মৌলিক শিক্ষার প্রয়োগ।
যুব-দিগন্ত ফাউন্ডেশন আয়োজকের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে মিনহাজুল ইসলাম তুহিন বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি স্তরে আল্লাহর কালাম পৌঁছে দেওয়া এবং একটি আলোকিত ও নৈতিক সমাজ গড়ে তোলা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দ্বীনি দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।”
যোগাযোগের আহ্বান:সংশ্লিষ্ট মসজিদসমূহের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত শিক্ষার্থী তালিকা চূড়ান্ত করার অনুরোধ জানানো হয়েছে। আগ্রহী ব্যক্তিবর্গকে সরাসরি ০১৭১৪৬৯৭১৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।
গ্রামের সাধারণ মানুষ এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই সওয়াবের কাজে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।