গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন মৌলভীবাজার সফরকে স্বাগত জানিয়ে জেলার সার্বিক উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি’। সোমবার (১৫ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, প্রধানমন্ত্রীর আগমন মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও প্রত্যাশার বিষয়। এই সফরকে কেন্দ্র করে জেলার দীর্ঘদিনের অমীমাংসিত উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:স্বাস্থ্যসেবা: জেলায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।
শিক্ষা: জেলায় পাবলিক ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।যোগাযোগ: শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা, মৌলভীবাজারে বাইপাস সড়ক নির্মাণ এবং রেলের ডাবল লাইন নির্মাণ ও সেবার মানোন্নয়ন। পরিবেশ ও পর্যটন: জেলার ছোট-বড় ৩০টি হাওর সুরক্ষায় কার্যকম উদ্যোগ গ্রহণ এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ পরিকল্পনা গ্রহণ।
এম মুহিবুর রহমান মুহিব আরও বলেন, মৌলভীবাজারের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সফরকালে জেলার উন্নয়নের স্বার্থে এসব দাবির বিষয়ে সদয় দৃষ্টি দেবেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে মৌলভীবাজারে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।