মানিকগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সার্কিট হাউজ ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি জেলার সার্বিক উন্নয়নে তার এই পরিকল্পনার কথা জানান।
সকালে ঢাকা থেকে মানিকগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে মন্ত্রী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মানিকগঞ্জের উন্নয়নবঞ্চিত অবস্থা দূর করে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। বিমান পরিবহন ও পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলায় নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
পরবর্তীতে মন্ত্রী জেলার জ্যেষ্ঠ আইনজীবী, জিপি, পিপি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনজীবীদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন।
দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী নাগরিক সেবার মান বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি লাঘবে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার কঠোর নির্দেশনা দেন। জনস্বার্থে যে কোনো সিদ্ধান্ত দ্রুত গ্রহণ এবং তা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
বিকেলে মন্ত্রী মুন্নু সিটিতে শায়িত সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেন। এরপর তিনি তার নিজ পিতার কবর এবং জেলার পাচুরিয়ায় বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন।
কর্মসূচির শেষ পর্যায়ে মুন্নু সিটিতে জেলা বিএনপি এবং সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আফরোজা খানম রিতা। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনে তাদের পাশে থাকার পরামর্শ দেন। কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা দখলবাজি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তিনি সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার কড়া বার্তা দেন। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে মানিকগঞ্জ ত্যাগ করেন।