শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অবদান, নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকার স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজারের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের ‘গুণী শিক্ষক বাছাই ২০২৬’ কার্যক্রমে মাদ্রাসা পর্যায়ে মৌলভীবাজার জেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে ভূমিকা রেখে আসছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর নেতৃত্বে উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফাজিল ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতেও গুরুত্ব দিয়ে থাকেন অধ্যক্ষ শামছুল ইসলাম। তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার কারণে প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মাদ্রাসা পর্যায়ে মৌলভীবাজার জেলার ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামছুল ইসলামের এ অর্জনকে তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা, নেতৃত্ব ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।