দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি বলেছেন, মাদক ব্যবসায়ীদের স্থান বিরল-বোচাগঞ্জের মাটিতে হবে না। হয় মাদক ছাড়তে হবে, অন্যথায় বিরল-বোচাগঞ্জ ছাড়তে হবে। আমি বিরল ও বোচাগঞ্জের মাটি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর জন্য প্রত্যেক জাতি গোষ্ঠি ও শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্য হতে হবে। আজকের ছাত্র-ছাত্রীদের যদি আমরা মাদকমুক্ত নিরাপদ জীবন দিতে না পারি, তাহলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের দলের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে, আর তা যদি প্রমাণ হয়। তাহলে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি-তে তার স্থান হবে না। সেই লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহবান আহবান জানাচ্ছি।
বুধবার বিকালে বিরল পৌর শহরে মাদক বিরোধী র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৫নং বিরল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে ২০২৬ মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মানে মাদক বিরোধী র্যালী ও জনচেতনতা সমাবেশে বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুর জামাল সোনাহার, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান, বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আতিয়ুর রহমান, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান মিলন ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ফয়সাল হোসেন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রমূখও বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম, পি উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া স্কুলে কাজিপাড়া হতে শীবপুর পর্যন্ত সড়কের দু’ধারে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।