ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মুরাইল এলাকায় চিহ্নিত মাদক কারবারি আজাদের (৪৫) আস্তানায় অভিযান চালিয়েছে ২ নং শহর পুলিশ ফাঁড়ির একটি দল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বসতঘরের পেছনের দিক দিয়ে পালিয়ে গেছে ওই মাদক কারবারি। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ২ নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মুরাইল এলাকার জামাল মিয়ার ছেলে আজাদের ঘরে বিপুল পরিমাণ মাদকের উপস্থিতি ও কেনাবেচার খবরে বিশেষ এই অভিযান চালানো হয়। পুলিশ ঘরে প্রবেশ করার মুহূর্তেই টের পেয়ে চতুর আজাদ পেছনের দরজা দিয়ে সটকে পড়ে। পরবর্তীতে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের উপর থেকে মাদক সেবন ও বিক্রির নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত আজাদ দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার আস্তানাকে কেন্দ্র করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উদীয়মান যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে, যা পুরো এলাকার সামাজিক ও মানবিক পরিবেশকে মারাত্মকভাবে বিষাক্ত করে তুলছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ২ নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, “মাদক কারবারি আজাদকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে।” ওই অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে তার সঠিক অবস্থান ও গোপন আস্তানা সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।