কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে হোয়াইক্যং বিওপির সীমান্তবর্তী কোনাপাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে মিয়ানমার থেকে এক চোরাকারবারিকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে টহল দল। বিষয়টি টের পেয়ে বিজিবি জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গেওয়া গাছের পাশ থেকে খাকি প্যাকেটে মোড়ানো ৫ কাটে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস নীল রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারি এবং এই মাদক চালানের সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।