জামালপুরের বকশীগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
ফারিয়া বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বকশীগঞ্জ ফারিয়ার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ফারিয়ার সহ-সভাপতি ছাবিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক সুলতান আরেফিন আদিত্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প বর্তমানে অর্থনীতির অন্যতম অগ্রণী খাত, যেখানে প্রায় তিন লাখের বেশি দক্ষ ও শিক্ষিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তারা সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেন এবং আধুনিক চিকিৎসা, নতুন ওষুধের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত করেন।
এছাড়াও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনগণের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বলেও উল্লেখ করেন বক্তারা।
তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় অবমাননাকর ‘দালাল’ শব্দ ব্যবহার করে তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। এ ধরনের মানহানিকর ও অসম্মানজনক আচরণে তারা ও তাদের পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধের দাবিও জানান বক্তারা।