1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ

reporter মোঃ শহীদুল ইসলাম
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

সরকারের ‘বইপড়া কর্মসূচি’র সঙ্গে সামঞ্জস্য রেখে মাসব্যাপী রিডিং প্রতিযোগিতা; শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ বিতরণ

ডিজিটাল যুগে শিশু-কিশোরদের বইমুখী করে তুলতে যখন দেশজুড়ে পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় সরকারের ‘বইপড়া কর্মসূচি’র সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মডেল স্কুল। শিক্ষার্থীদের পাঠাভ্যাস, ভাষাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও সৃজনশীল চিন্তার বিকাশে প্রতিষ্ঠানটি সফলভাবে আয়োজন করেছে এক মাসব্যাপী ‘রিডিং (Reading) পাঠ প্রতিযোগিতা-২০২৬’।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারিকৃত প্রজ্ঞাপনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বইপড়া কর্মসূচি’ (Reading Habit Program)-এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম মডেল স্কুল শিক্ষার্থীদের নিয়মিত বইপাঠে উৎসাহিত করতে এই আয়োজন বাস্তবায়ন করে।

বিদ্যালয় সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, সাবলীল পাঠ, অনুধাবন ক্ষমতা, ভাষা-দক্ষতা ও উপস্থাপনা সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পাশাপাশি তাদের মধ্যে বই পড়ার আগ্রহ ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়েছে, যা মানসম্মত শিক্ষা অর্জনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মো. ইব্রাহীম ফরাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো. খলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, লাকী দাস, সুপন দেবনাথ, মোমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল ও মিম খাতুন। এছাড়া বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নিয়মিত পাঠচর্চা একজন শিক্ষার্থীর জ্ঞানভিত্তি সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্লেষণী চিন্তা, ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা রাখে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেন, “একটি বই একজন শিক্ষার্থীর চিন্তার জগৎকে নতুনভাবে উন্মোচিত করতে পারে। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়ার অভ্যাস গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

চট্টগ্রাম মডেল স্কুল কর্তৃপক্ষ জানায়, “মানসম্মত শিক্ষা অর্জনে সুস্থ প্রতিযোগিতার বিকল্প নেই।” এ বিশ্বাস থেকেই শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রতিষ্ঠানটি নিয়মিত শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের শেষে রিডিং পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় তারা শিক্ষার্থীদের প্রতিদিন নির্দিষ্ট সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং অভিভাবকদেরও সন্তানদের পাঠচর্চায় উৎসাহিত করার অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com