প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কিশোরগঞ্জ। ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন উপলক্ষে আগামী কাল রবিবার (১৬ আগস্ট) কটিয়াদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সহ সবখানেই চলছে ব্যাপক প্রস্তুতি। কিশোরগঞ্জের প্রতিটা উপজেলা সহ জেলার সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা শহরের বিভিন্ন রাস্তা ঘাট মেরামত সহ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জেলার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত দাবিগুলো তুলে ধরার প্রস্তুতিও নিচ্ছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলার মানুষের মধ্যে নতুন করে জেগেছে উন্নয়নের প্রত্যাশা। দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসায় সুযোগ বাড়ানো শিল্পকারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন জেলার সামাজিক” রাজনৈতিক ও সাধারণ মানুষ।