আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে দশ দলীয় জোট শরিকদের নিয়ে এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় জলঢাকা উপজেলার এবি পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দশ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষি বিষয়ক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, এবি পার্টি। তিনি বলেন, “দাড়িপাল্লা মার্কা হলো দশ দলীয় জোটের প্রতীক। দেশ কারও একার নয়—দেশ সবার। সবাই যেভাবে বলে ‘এটা আমার দেশ’, ঠিক সেভাবেই সবাইকে এক হয়ে দেশ রক্ষায় দাড়িপাল্লা মার্কায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
দশ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে কোনো দলের এমপি থাকব না; আমি জলঢাকার সর্বস্তরের জনগণের এমপি হিসেবে কাজ করব।”
সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো. লিয়াকত আলী, সভাপতি, এবি পার্টি নীলফামারী জেলা কমিটি; অধ্যাপক মো. আলতাফ হোসেন, সদস্য সচিব, এবি পার্টি নীলফামারী জেলা কমিটি; জনাব মো. ওয়াহিদুল্লাহ সালাফী, দশম সংসদের সংসদ সদস্যপ্রার্থী, জলঢাকা সংসদীয় আসন; এবং জনাব মো. রেজাউল করিম রাজু, প্রধান সমন্বয়কারী ও জেলা যুগ্ম সদস্য সচিব, এনসিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মো. আব্দুল গফুর, ভারপ্রাপ্ত সভাপতি, জলঢাকা উপজেলা কমিটি, এবি পার্টি।
সভা সঞ্চালনা করেন জনাব ডা. মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক, জলঢাকা উপজেলা কমিটি, এবি পার্টি। শেষে উপস্থিত সকল নেতাকর্মী দাড়িপাল্লা প্রতীককে ভূমিধস বিজয়ে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।