শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা ও তাদের এক সহযোগীকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন—নালিতাবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন ও তাদের সহযোগী ফারুক মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের হ্যান্ডেল মোড় এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয় মাদকবিরোধী টহল দলের সদস্যরা তাদের গতিরোধ করেন। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানানো হলে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, শনিবার (৮ আগস্ট) সকালে ইয়াবাসহ আটকের পর স্থানীয় জনতার হাতে দুই ছাত্রদল নেতাকে লাঠিপেটা ও চড়-থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ পিস ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা ও তাদের এক সহযোগীকে আটক করা হয়েছে। ইয়াবা কেনাবেচার চেষ্টাকালে রামচন্দ্রকুড়া এলাকার লোকজন তাদের হাতেনাতে আটক করের পুলিশের কাছে সোপর্দ করেন।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে