দেশীয় পণ্য ও কুটির শিল্পের নানা সামগ্রীর সমাহারে চট্টগ্রামে জমে উঠেছে মাসব্যাপী কুটির শিল্প মেলা। বীর চট্টলা ইভেন্টের উদ্যোগে চট্টগ্রাম স্টিল মিলের র্যাব-৭ হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।
মাসব্যাপী এ মেলায় স্থান পেয়েছে দেশীয় পোশাক, হস্তশিল্প, কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্যসহ নানা ধরনের সামগ্রী। স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত ও সংগ্রহ করা পণ্য নিয়ে অংশ নিয়েছেন মেলায়। সব মিলিয়ে মেলায় রয়েছে প্রায় ৪০টি দোকান।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা পছন্দের দেশীয় পণ্য কেনাকাটার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে ছোট্ট একটি পার্ক। ফলে কেনাকাটার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ থাকায় পরিবারগুলোর কাছে মেলাটি বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
আয়োজকরা জানান, দেশীয় পণ্যের প্রচার ও প্রসার এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর একটি পরিবেশ তৈরি করাও মেলার লক্ষ্য।
মেলায় আসা কয়েকজন দর্শনার্থী বলেন, একই জায়গায় দেশীয় পোশাক, হস্তশিল্প ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকায় পরিবার নিয়ে মেলায় আসতে ভালো লাগছে।
আয়োজকদের প্রত্যাশা, মাসব্যাপী এ কুটির শিল্প মেলা চট্টগ্রামের মানুষের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।প্রতিদিন দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।